‘এবনে গোলাম সামাদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, গবেষক ও শিক্ষাবিদ। পেশায় উদ্ভিদবিজ্ঞানী হলেও ইতিহাস, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও জাতীয় আত্মপরিচয় বিষয়ে তার গভীর চিন্তা ও লেখনী সমাজকে প্রভাবিত করেছে। প্রচলিত ধারণাকে যুক্তি ও তথ্যের আলোকে প্রশ্ন করা এবং স্বাধীনভাবে মত প্রকাশ ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে তার অবদান ও স্বাতন্ত্র্য অস্বীকার করা যায় না।’
এবনে গোলাম সামাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম।
পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে কী-নোট উপস্থাপন করেন পরিচয়ের সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।
গুরুত্বপূর্ণ আলোচনা করেন কথাশিল্পী ও প্রাবন্ধিক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহ্দী, কবি ও সাহিত্য সমালোচক খুরশীদ আলম বাবু, ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, লেখক ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল এবং কথাসাহিত্যিক মঈন শেখ।
প্রসঙ্গত, এবনে গোলাম সামাদ ১৯২৯ সালের ২৯ ডিসেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ১৫ আগস্ট এই মনীষী মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন।