কালচার

দ্বিতীয়বার শুরু ‘এবং বই’-এর রিভিউ প্রতিযোগিতা

পৌষ প্রতিবেদক

দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে বইবিষয়ক পত্রিকা এবং বই-এর আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬।

এবারের আয়োজনে নির্বাচিত বই দুটি হলো লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদ রচিত ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ (প্রবন্ধ) ও ‘আলো ছায়ার খেলা’ (উপন্যাস)। বইগুলো প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

আয়োজকরা জানিয়েছেন, এইচএসসি অধ্যয়নরত থেকে শুরু করে বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এতে অংশ নিতে পারবেন। বুক রিভিউ জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর।

প্রতিযোগিতায় মোট ১০টি পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বই থেকে পাঁচজন নির্বাচিত হবেন। প্রথম পুরস্কার হিসেবে দুজন পাবেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার দুজনকে দেওয়া হবে ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার হিসেবে দুজন পাবেন ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী নির্বাচিত চারজন গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থের পাশাপাশি সেরা ১০ জন সমালোচককে দেওয়া হবে ১ হাজার টাকা সমমূল্যের বই।

আয়োজকদের নিয়ম অনুযায়ী, নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। লেখায় আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসংগত ও সংযমী হতে হবে। বই আলোচনা ন্যূনতম ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হবে। লেখার নিচে লেখকের পুরো নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়। লেখায় এআই ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। সুতন্বী এমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। লেখা পাঠানোর ইমেইল ebongboi@gmail.com.

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে। পরে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিযোগিতা বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৬১৫-৫৮০০৯৩ নম্বরে।

 

Leave a Comment

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825